ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right বিয়ের ৩ (তিন) মাস না যেতেই গৃহবধূর মৃত্যু …
জাতীয় ১৯ দিন আগে ব্রেকিং

বিয়ের ৩ (তিন) মাস না যেতেই গৃহবধূর মৃত্যু নিয়ে নোয়াখালীতে চাঞ্চল্য

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 20 জুন 2026, 10:25 অপরাহ্ন
visibility ৯৭ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
বিয়ের ৩ (তিন) মাস না যেতেই গৃহবধূর মৃত্যু নিয়ে নোয়াখালীতে চাঞ্চল্য
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

শনিবার (২০ জুন) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সঙ্গে একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির মৃত কবির হোসেনের ছেলে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষে রিফাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার কয়েক ঘণ্টা আগে ফয়সাল তার শ্বশুরবাড়ির লোকজনকে রিফাকে দ্রুত নিয়ে যেতে বলে। পরে মেয়ের সঙ্গে তারা কথা বললে সে আতঙ্কিত ছিল। কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে তাদের মেয়ে আর বেঁচে নেই।

নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় সৌদি প্রবাসী ভাই ফয়সালের ফোন পেয়ে তিনি রিফার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে ঘরের উভয় দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

share শেয়ার করুন

Facebook X / Twitter