চন্দ্রগঞ্জে এলজি বন্দুক ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার
চন্দ্রগঞ্জে এলজি বন্দুক ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার
মোঃ শাকিল,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অভিযানে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও একটি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে চন্দ্রগঞ্জ থানাধীন ১৪ নম্বর মান্দারী ইউনিয়নের মটবী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের হাসিম খাঁগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে মো. সেলিম (২৫)।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা (অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল) এর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ইসমাইলসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনে ফিরোজ আলম দুলালের দোকানের দক্ষিণ পাশে সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর আলমের হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক উদ্ধার করা হয়। একই সময় মো. সেলিমের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১২ বোর শটগানের একটি পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯এ/১৯এফ ধারায় চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০২, তারিখ ১ জুন ২০২৬।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।